২৭ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৩টার দিকে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কারখানা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।
এরপর প্রায় ১২ দিন পর ত্রুটি মেরামত করে সেপ্টেম্বরের শেষ দিকে কারখানাটি পুনরায় চালু করা হয়। কিন্তু কিছুদিনের ব্যবধানে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। সবশেষ ২৭ দিন বন্ধ থাকার পর শুক্রবার ভোরে ফের উৎপাদনে ফিরেছে কারখানাটি।
সিইউএফএল সূত্র জানায়, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। স্বাভাবিক অবস্থায় কারখানাটিতে প্রতিদিন প্রায় ৫০০ টন অ্যামোনিয়া ও ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সূত্র আরও জানায়, প্রায় ৪০ বছরের পুরনো কারখানাটিতে প্রায়ই বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে দীর্ঘ সময় লাগে। এ ছাড়া আগের তুলনায় কারখানাটির উৎপাদন সক্ষমতাও কমে গেছে।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, কারখানাটি প্রায় ৪০ বছরের পুরনো। কখন উৎপাদন বন্ধ হয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। কারখানাটিতে কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। সেগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঠিকমতো উৎপাদন চালানো সম্ভব হলে চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে।
রেডিওটুডে নিউজ/আনাম

