নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আনাতোলিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
গতকাল (শুক্রবার, ১৩ নভেম্বর) বাংলাদেশ প্রতিনিধিদলের এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। মানচিত্রদেখুন
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছে। এক্ষেত্রে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম; পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ; পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ ও সংসদ সদস্য মনসুরা ইসলাম।
লিখিত বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব অর্থায়নে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ স্বাভাবিক ধারার তুলনায় ৬ দশমিক ৩৯ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা ও তাপপ্রবাহের মতো নানা ঝুঁকির মুখে রয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে সহজ শর্তে ও নিয়মিত অর্থায়ন চায় বাংলাদেশ।
এদিকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য নতুন একটি জলবায়ু তহবিল থেকে সর্বোচ্চ ৩ কোটি ডলার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন কর্মসূচি ‘অ্যাকসিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড স্ট্রেংদেনিং ইকোনমিজ’ বা ‘অ্যারাইজ’-এর প্রথম পর্যায়ে এ অর্থ পাওয়ার কথা রয়েছে। মানচিত্রদেখুন
এদিকে আজ (শনিবার, ১৪ নভেম্বর) দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানান, জলবায়ু সম্মেলনে পাওয়া প্রতিশ্রুতি অর্থ মূলত উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে ব্যয় করা হবে। উপকূলীয় সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও অভিযোজন সক্ষমতা বাড়াতে এ অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. সাইমুম পারভেজ বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সরকারের জোরালো অবস্থানের প্রতিফলন এই অর্থ পাওয়ার সম্ভাবনা।’
জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য অর্থায়ন করে। নতুন অ্যারাইজ কর্মসূচির লক্ষ্য জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো।
এদিকে বিশ্ব আবহাওয়া সংস্থার ২০২৬ সালের জলবায়ুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনের তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিলো।
বাংলাদেশের প্রতিনিধিদল জানায়, কপ-৩১ সম্মেলনে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার পর প্রথম চার দিনের কার্যক্রম শেষ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চম দিনের আলোচনা চলছিলো। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা এগোলেও বেশ কিছু বিষয়ে এখনো সমঝোতা হয়নি। চূড়ান্ত কোনো সিদ্ধান্তও আসেনি।
বাংলাদেশের প্রত্যাশা, সম্মেলনের আলোচনায় এমন সিদ্ধান্ত আসবে, যার মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো বাস্তব ও কার্যকর সহায়তা পাবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দীর্ঘমেয়াদি সহায়তা গুরুত্বপূর্ণ বলে এ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

