রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে অভিশংসনের মাধ্যমে অবিলম্বে তার অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিকার ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছেন। আমরা অবিলম্বে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং তাঁকে আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর জিমনেশিয়াম মাঠে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আমরা সংসদকে সম্মান জানিয়ে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অধিবেশনে যোগ দিয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল সংবিধান সংস্কার ও উচ্চকক্ষ বাস্তবায়নে ভূমিকা রাখা। কিন্তু সংসদে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে, যা জুলাই বিপ্লবের শহীদের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও যোগ করেন, আমরা স্পিকারকে অনুরোধ করেছিলাম রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের দ্বিমত ও বক্তব্য পেশ করার সুযোগ দিতে। কিন্তু সেই সুযোগ না দেওয়ায় আমরা প্রতিবাদস্বরূপ সংসদ থেকে ওয়াকআউট করেছি।
ময়মনসিংহের ধোবাউড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির নেতা মো. সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তারা গুপ্ত হামলা ও অগ্নিসন্ত্রাস করে টিকে থাকতে চায়। প্রশাসন যদি এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আমরা ঘরে বসে থাকব না। জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের সংকট, বালু উত্তোলন, চাঁদাবাজি ও যানজট নিরসনে দ্রুত সংস্কারের দাবি জানান। তিনি অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে দোয়া করেন।
বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাহিদুল ইসলাম, তানহা শান্তা, খান তালাত মাহমুদ রাফি ও ইকরাম এলাহী খান প্রমুখ।
রেডিওটুডে নিউজ/আনাম

