রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আর বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আজ সেই কমিটির জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

