জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি। তিনি বলেন, ‘রাষ্ট্রের কাঠামোর পরিবর্তনের জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল। একদলকে তাড়িয়ে অন্য দলকে আনার জন্য নয়।’
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে চরম নির্যাতনের শিকার হলেও, দলটি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি। তিনি বলেন, ‘প্রতিশোধ নয়, হত্যাকাণ্ডের বিচারই চায় জামায়াতে ইসলামী।’
বিচার পেতে যত সময়ই লাগুক, হত্যাকারীদের আইনের আওতায় আনতেই হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চব্বিশের ৬ আগস্ট থেকেই একটি গোষ্ঠী চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সংসদে বিভিন্ন বিষয়ে আপসের চেষ্টা করা হলেও জামায়াতে ইসলামী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ভয় কিংবা অন্যায়ের কাছে জামায়াতে ইসলামী কখনো মাথা নত করবে না।’
অনুষ্ঠানের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংসদে ফায়সালা না হলে সকল শহিদ ও আহত পরিবারদের নিয়ে আন্দোলনের মাধ্যমে সকল দাবি আদায় করা হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

