হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন।
বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভার পাশাপাশি একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা রয়েছে। চলমান উত্তেজনা এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের কারণে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং, বিকট শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
এর আগে এনসিপি তাদের পূর্বঘোষিত মৌলভীবাজার জেলার দুটি ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।
অন্যদিকে জেলা ছাত্রদল এবং বিএনপিও পৃথক কর্মসূচির ঘোষণা দিলে শহরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন থানা মোড় এলাকায় এনসিপির ‘জুলাই বাস্তবায়ন’ সমাবেশ শেষে সংঘর্ষের ঘটনা ঘটে।
রেডিওটুডে নিউজ/আনাম

