বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে কর্মসূচি পালনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যায় তিনি দাবি করেছেন, কর্মসূচির সময় পেছনে চলা ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে নয়, জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিল। তার দাবি, কর্মসূচি চলাকালে ওই এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ ছিল না।
শনিবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বক্তব্য দেন। সেখানে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী সামনে হারিকেন নিয়ে গ্যাস-বিদ্যুতের দাবিতে বসেছিলেন, অথচ তাদের পেছনে ফ্যান চলছিল। এ ধরনের কর্মসূচিকে তিনি ‘হঠকারিতা’ হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের জ্বালানি সংকট সমাধানে কাজ করছে। আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আগামী ১০ বছরে কীভাবে দেশের জ্বালানি সমস্যা সমাধান করা হবে, সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বক্তব্যে বিষয়টি পরিষ্কার করার দাবি করেন। তার ভাষ্য, কর্মসূচিতে ব্যবহৃত ফ্যান ও মাইক্রোফোন জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিল। কর্মসূচির সময় সংশ্লিষ্ট এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় বিকল্প ব্যবস্থায় এসব সরঞ্জাম চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সংকটের বিষয়টি স্বীকার করার পাশাপাশি দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাসও দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে এবং বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সংকট সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা দেওয়ার আহ্বানও জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, কোনো দলের পরিকল্পনা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে জ্বালানি সংকটের সমাধান করতে সক্ষম হলে সরকার তা গ্রহণ করে বাস্তবায়ন করবে।
অন্যদিকে, গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে শনিবার জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টার কথাও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

