বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে ক্ষমতাসীন দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধন্ত নেয়া হয়। পরে সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানিয়েছেন, ইতোমধ্যে দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ ত্যাগ করেছেন মি. আলমগীর।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় দলটির মনোনয়নে নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার মেয়াদের দেড় বছরের মতো সময় বাকি থাকতেই পদত্যাগ করেন গত ২৪শে জুলাই।
এরপর থেকেই রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই বিবেচনায় ছিল বলে দলটির একাধিক নেতা বিবিসিকে জানিয়েছিলেন।
তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নির্বাচন কমিশন আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
এ বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে।
বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
যদিও শুরুতে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী প্রথমে কোনো প্রার্থী না দেওয়ার কথা বলেছিল, পরে তাদের ১১ দলীয় জোট থেকে শরিক দল এলডিপির নেতা অলি আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আজ বিএনপি এবং ১১ দল - উভয়ের মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

