চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাগছু শহরে শুরু হয়েছে নাগছু হর্স রেসিং ফেস্টিভ্যাল ২০২৬। সোমবার গেসার রেসকোর্সে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী এ আয়োজন।
উৎসবে রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, জাতিগত ও লোকজ ক্রীড়া প্রদর্শনী এবং বাণিজ্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে ঘোড়সওয়ারদের বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। উৎসব দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থী উপস্থিত হন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিখ্যাত ঘোড়ার ১২ হাজার মিটার হাঁটা দৌড়। প্রতিযোগিতায় বিজয়ী আরোহী ও তার ঘোড়াকে অভিনন্দন জানান আয়োজকরা।
প্রতিবছর আয়োজিত এ ধরনের ঘোড়দৌড় উৎসব সিচাংয়ের স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও অশ্বারোহী ক্রীড়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। উৎসবের বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি পর্যটন ও বাণিজ্যিক কার্যক্রমও উৎসাহিত করা হচ্ছে।
নাগছুর গেসার রেসকোর্সে চলমান এ উৎসবে ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও বাণিজ্যমেলায় অংশ নিচ্ছেন স্থানীয় মানুষ ও বিভিন্ন এলাকার আগত দর্শনার্থীরা। সূত্র: সিএমজি বাংলা
রেডিওটুডে নিউজ/আনাম

