সেলেনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন ওয়ান্ডারমাইন্ডের পাঁচ বিনিয়োগকারী

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সেলেনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন ওয়ান্ডারমাইন্ডের পাঁচ বিনিয়োগকারী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৮, ১৫ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:২৯, ১৫ আগস্ট ২০২৬

Google News
সেলেনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন ওয়ান্ডারমাইন্ডের পাঁচ বিনিয়োগকারী

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল প্রতিষ্ঠা করেছিলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই সেই প্রতিষ্ঠান ঘিরে আইনি জটিলতায় পড়েছেন তিনি। প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সেলেনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন ওয়ান্ডারমাইন্ডের পাঁচ বিনিয়োগকারী।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিউইয়র্ক ও ফ্লোরিডাভিত্তিক ওই বিনিয়োগকারীরা সেলেনার বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। তাদের দাবি, সেলেনার নিষ্ক্রিয়তার কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়ার পথে। মামলায় প্রায় ১২ লাখ ডলার বিনিয়োগ ফেরত চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তারা।

অভিযোগে বলা হয়েছে, সেলেনা ওয়ান্ডারমাইন্ডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করবেন এবং ব্র্যান্ডটির প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন– এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই বিনিয়োগ করেছিলেন তারা। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির প্রসারে কার্যকর ভূমিকা রাখেননি সেলেনা। 

বিনিয়োগকারীদের আরও অভিযোগ, বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কাভার স্টোরি ও নতুন অ্যাপ চালুর মতো যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। তিন বছর ধরে প্রতিষ্ঠানের সংকট গোপন রাখার অভিযোগও করেছেন বিনিয়োগকারীরা। 

গত সেপ্টেম্বরে ‘দ্য কাট’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার খবর প্রকাশ হয়। সেখানে ম্যান্ডি টিফির প্রশাসনিক ব্যর্থতা এবং মা-মেয়ের দ্বন্দ্বের কারণে সেলেনার দায়িত্ব এড়িয়ে চলার বিষয়ও উঠে এসেছিল। 

অন্যদিকে, পপতারকা ও অভিনেত্রী হিসেবে পরিচিতির পাশাপাশি সফল বিউটি ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’র প্রতিষ্ঠাতা সেলেনা। ২০২৪ সালে বিলিয়নেয়ার হিসেবেও স্বীকৃতি পান তিনি। এমন অবস্থায় তাঁর সহপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

তবে মামলা নিয়ে এখনও সেলেনা গোমেজ বা ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদালতে বিনিয়োগ ফেরত ও ক্ষতিপূরণ আদায়ের লড়াই এখন কত দূর গড়ায়, সেটিই দেখার বিষয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের