প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি নিজে দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও। সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আনুষ্ঠানিক চ্যানেলে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তিনি গুরুতর অপরাধে দণ্ডিত আসামি। তাকে যে প্রক্রিয়ায় ফেরত পাওয়ার কথা, সরকার সেই প্রক্রিয়া অনুসরণ করেই দেশে ফিরিয়ে আনতে চায়। তার বিচার কীভাবে হবে, সেটি সরকারের বিষয়।মানচিত্র দেখুন
বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতার ঘটনায় আওয়ামী লীগের অর্থায়ন রয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে দলটির লোকজন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে।
জাহেদ উর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের অপরাধের প্রবণতা কমে আসবে। ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে অনেকে হাতেনাতে ধরা পড়েছেন।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এসব ঘটনায় জনগণের ভয় পাওয়ার কিছু নেই কিংবা কিছুই ঘটেনি-সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না। জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে একটি মৃত্যুর ঘটনাও সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে। বিষয়টি স্বীকার করেই সরকার বলতে চায়, খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এ অবস্থায় কেউ দলটির কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে।
এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্ধারিত দামেই বাজারে এলপিজি বিক্রি হওয়া উচিত। এ বিষয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। তবে নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকারকে আরও সতর্ক হতে হবে।
তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এই ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।
রেডিওটুডে নিউজ/আনাম

