বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা, সন্ধ্যায় ফল প্রকাশ

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

০৭ জুন ২০২৬,

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা, সন্ধ্যায় ফল প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৮, ৭ জুন ২০২৬

Google News
বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা, সন্ধ্যায় ফল প্রকাশ

বহু প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল।

তামিম ইকবাল এবার ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকা মেট্রোপলিস ক্লাব কোটার কাউন্সিলর হিসেবে ভোট দিয়েছেন। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে তিনি শুধু ভোটই দেননি, একই সঙ্গে এবার বিসিবির পরিচালক পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তামিমের পাশাপাশি সকাল সকাল ভোট দিয়েছেন বিসিবির অ্যাড-হক কমিটির অন্যতম দুই সদস্য রফিকুল ইসলাম বাবু ও ইসরাফিল খসরু। এ ছাড়া জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেনকেও বিসিবি কার্যালয়ে এসে ভোট দিতে দেখা গেছে।

গত বছর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় নানা অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। সেসব অভিযোগের তদন্ত শেষে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন তৎকালীন বোর্ডটি ভেঙে দেয়।

পরবর্তীতে বিসিবি পরিচালনার জন্য তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির অন্যতম প্রধান এবং আইনি দায়িত্ব ছিল নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। অবশেষে সেই প্রতিশ্রুত নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে সফল হলো অ্যাড-হক কমিটি।

নির্বাচন সঠিক সময়ে করতে পারলেও এটিকে ঘিরে ক্রিকেটপাড়ায় বিতর্ক ও আলোচনা কম নয়। বিভিন্ন ক্যাটাগরির একাধিক প্রার্থীর রাজনৈতিক পরিচয় এবং ক্ষমতাসীন দলের সঙ্গে তাদের সরাসরি সংশ্লিষ্টতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন ক্রীড়া সমালোচকেরা।

আজ সকাল ১০টা থেকে বিসিবি কার্যালয়ে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপরই শুরু হবে ভোট গণনা। সব প্রক্রিয়া শেষ করে আজ সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের