উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ২৩ আগস্ট ২০২৬

Google News
উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট

জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের ১০০ মিটারের রেকর্ড ভেঙে দিয়েছে একটি চীনা রোবট। শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের বাছাইপর্বে রোবটটি মাত্র ৯ দশমিক ৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে।

‘তিয়াংগং আল্ট্রা’ নামের রোবটটি তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। আয়োজকরা জানিয়েছেন, দৌড়ের শুরুতে পিছিয়ে থাকলেও শেষের দিকে ‘লাইটনিং’ নামে আরেকটি রোবটকে পেছনে ফেলে তিয়াংগং। লাইটনিং তৈরি করেছে স্মার্টফোন নির্মাতা কোম্পানি অনার। ১০০ মিটার দৌড় সম্পন্ন করতে লাইটনিং সময় নেয় ৯ দশমিক ৪৭ সেকেন্ড।

লাইটনিংয়ের এই সময়ও উসাইন বোল্টের চেয়ে কম। ২০০৯ সালে জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বোল্ট ১০০ মিটার দৌড়াতে সময় নিয়েছিলেন ৯ দশমিক ৫৮ সেকেন্ড। 

তবে রোবটগুলোর দৌড়ে মানুষের মতো কোনো নৈপুণ্য ছিল না। দৌড় শেষ করে থামার বদলে তারা ফিনিশিং ম্যাটে গিয়ে ধাক্কা মারে। তিয়াংগং রোবটটি নিয়ন্ত্রণ হারিয়ে এদিক-ওদিক ছুটে ট্র্যাকের সীমানায় গিয়ে পড়ে। এতে দর্শকরা সরে যেতে বাধ্য হন। অপরদিকে দৌড় শেষে পড়ে যাওয়া লাইটনিং রোবটকে স্ট্রেচারে করে সরিয়ে নেন কর্মীরা। 

এবারের আসরে রোবটগুলোর পারফরম্যান্সে বেশ উন্নতি দেখা গেছে। গত বছর প্রথম আসরে ১০০ মিটার দৌড়াতে তিয়াংগংয়ের সময় লেগেছিল ২১ দশমিক ৫০ সেকেন্ড। এবার প্রস্তুতিমূলক এক পরীক্ষায় দৌড় সম্পন্ন করতে লাইটনিংয়ের ৯ দশমিক ৩২ সেকেন্ড লেগেছিল বলে জানায় চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম।

চলতি বছরের হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনও জিতেছে লাইটনিং। দৌড় শেষ করতে সময় নেয় ৫০ মিনিট ২৬ সেকেন্ড। যা মানুষের (পুরুষ) হাফ-ম্যারাথনের বিশ্ব রেকর্ডের গতির চেয়েও দ্রুত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের