ঝিনাইদহের শৈলকুপায় ঈদ উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের অসহায় দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চান যুবদল নেতা শামীম হোসেন লস্কর। এ নিয়ে দুই জনের মধ্যে তর্কবির্তক হয়।
এরপর সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতব্বররা বিষয়টি মীংমাসার জন্য সালিশে বসে। এরই জের ধরে এক পর্যায়ে সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উত্তেজনাকার পরিস্থিতিতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

