কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ একজনকে পুশ ইনের চেষ্টা করেছে। তবে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করেছে। গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) বেলা ১২টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় আলী আজগর (৬৫) নামে ওই ব্যক্তিকে ভারতের মধুগাড়ী সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন (কমান্ডেন্ট) অধীনস্থ মধুগাড়ী ক্যাম্পের বিএসএফ ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ী সীমান্ত দিয়ে আলী আজগরকে পুশ ইন করে। বিষয়টি টের পেয়ে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল ও মাঠে কর্মরত কৃষকরা তাকে ভারত সীমানায় পাঠিয়ে দেয়। বর্তমানে ওই ব্যক্তি ভারত সীমান্তের ৫০গজ অভ্যন্তরে অবস্থান করছে।
এ ব্যাপারে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘একজনকে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবি সদস্যরা পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দেয়। সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সতর্ক অবস্থানে রয়েছেন।’
রেডিওটুডে নিউজ/আনাম

