শিল্প ও সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তা তদন্তে নতুন বিধিমালা চালু করল চীন

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১২ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

২৬ জুন ২০২৬,

১২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

শিল্প ও সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তা তদন্তে নতুন বিধিমালা চালু করল চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২১, ২৬ জুন ২০২৬

আপডেট: ১০:২৯, ২৬ জুন ২০২৬

Google News
শিল্প ও সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তা তদন্তে নতুন বিধিমালা চালু করল চীন

শিল্প ও সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার প্রতি হুমকি তদন্তের জন্য বিস্তারিত প্রক্রিয়াগত বিধিমালা প্রকাশ করেছে চীন। গত এপ্রিলে রাষ্ট্রীয় পরিষদ এ সংক্রান্ত দেশের প্রথম বিশেষায়িত বিধিমালা অনুমোদনের পর এই নতুন নিয়মাবলী জারি করা হলো। 

বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, শিল্প ও সরবরাহ শৃঙ্খল নিরাপত্তা তদন্ত-বিষয়ক এই বিধিমালা প্রকাশের পর পরই কার্যকর হয়েছে।

নতুন বিধিমালায় এমন বিদেশি কর্মকাণ্ড তদন্তের কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা চীনের সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার ক্ষতি করতে পারে। পাশাপাশি ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত দেশ, সংস্থা বা ব্যক্তিদের বিরুদ্ধে বাণিজ্যিক ও বিনিয়োগ নিষেধাজ্ঞা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের বিধানও রাখা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, কোনো বিদেশি দেশ, অঞ্চল বা সংস্থা যদি চীনের শিল্প ও সরবরাহ শৃঙ্খলের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করে, অথবা বিদেশি কোনো প্রতিষ্ঠান চীনা পক্ষের সঙ্গে স্বাভাবিক লেনদেন ব্যাহত করে, বৈষম্যমূলক আচরণ করে কিংবা চীনের সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার ক্ষতি করে বা ক্ষতির হুমকি সৃষ্টি করে, তাহলে বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত শুরু করতে পারবে।

মন্ত্রণালয় বলেছে, এসব তদন্তের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীল ও নির্বিঘ্ন কার্যক্রম বজায় রাখতে সহায়তা করবে।

রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের অধীন শিল্প অর্থনীতি বিভাগের গবেষণা কার্যালয়ের পরিচালক ওয়াং মিনহুই বলেন, শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে কেন্দ্র করে বৈশ্বিক প্রতিযোগিতা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনা প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ ও বিনিয়োগে বিধিনিষেধ আরও সম্প্রসারণ করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের ‘ঝুঁকি হ্রাস’ নীতি এগিয়ে নিচ্ছে। বিশ্বের সবচেয়ে পূর্ণাঙ্গ শিল্পব্যবস্থা থাকা সত্ত্বেও চীন এখনো মূল উপাদান, উচ্চমানের যন্ত্রপাতি এবং মৌলিক সফটওয়্যারের মতো ক্ষেত্রে কিছু দুর্বলতার মুখোমুখি।

এদিকে পৃথক এক ঘোষণায় বাণিজ্য মন্ত্রণালয় বুধবার কৌশলগত খনিজ ও দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানি সংক্রান্ত নতুন একটি ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই বিধিমালার উদ্দেশ্য হলো- কৌশলগত খনিজ ও দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের অবৈধ ও নিয়মবহির্ভূত রপ্তানি প্রতিরোধে সামাজিক তদারকির ভূমিকা পুরোপুরি কাজে লাগানো।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের