কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গুলিতে এক শিক্ষার্থীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রেম নামে গুরুতর আহত এক স্কুলছাত্রকে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও র্যাব অভিযান শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
স্থানীয়রা জানান, দুই দিন ধরে কাঁটাবিল ও তেলিকোনা এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং ও মাদক কারবারিরা মহড়া দিচ্ছে। ওই ঘটনার প্রতিবাদ এবং এলাকা মাদকমুক্ত করার দাবিতে আজ বৃহস্পতিবার সচেতন নাগরিকদের উদ্যোগে কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সবাই যখন বাড়ি ফিরছিলেন তখন সেখানে গুলির ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে স্কুলছাত্র ও অন্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। যারা গুলি চালিয়েছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত। তারাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার বলেন, 'প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় এই হামলা হয়েছে। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা তাদের আটক করার দাবি জানাচ্ছি।'
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। তবে ঘটনার পরই সন্ত্রাসীরা এলাকা থেকে পালিয়ে গেছে। পুলিশের অভিযান চলছে।'
রেডিওটুডে নিউজ/আনাম

