একসঙ্গে বেড়ে ওঠা, পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

একসঙ্গে বেড়ে ওঠা, পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
একসঙ্গে বেড়ে ওঠা, পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) ও মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন এবং স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুই চাচাতো বোন প্রায় সমবয়সী হওয়ায় তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত এবং পরস্পরের সঙ্গে থাকত। তাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্বজনদের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা জানান, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে না জানিয়ে লামিয়া ও সামিয়া বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায়। দুজনের কেউই সাঁতার জানত না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে কোনো একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

এসআই প্রসেন কুমার সানা বলেন, সকাল ৮টার দিকে এক প্রতিবেশী মাছের ঘেরে সামিয়ার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা লামিয়াকে বাড়িতে না পেয়ে ঘেরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় লামিয়াকে উদ্ধার করা হয়। পরে দুজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের