বলিউডে একসময় অন্যতম চর্চিত জুটি ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন তারা।
‘আজব প্রেম কি গজব কাহানি’র সেটে কাছাকাছি আসার পর ধীরে ধীরে জমে ওঠে প্রেম। তবে সম্পর্কের শুরু থেকেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখার চেষ্টা করেছিলেন দুজনেই।
তবু পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে পারেননি তারা। বরং একাধিকবার একান্ত মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন এই প্রাক্তন জুটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এক প্রাক্তন সাংবাদিক সেই সময়েরই এক চাঞ্চল্যকর ঘটনার কথা জানিয়েছেন।
তাঁর দাবি, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের খবর গোপন রাখতে একসময় তাঁর ক্যামেরা পর্যন্ত ছিনিয়ে নিয়েছিলেন রণবীর।
ঘটনাটি বেশ কয়েক বছর আগের। তখন রণবীর ও ক্যাটরিনার প্রেমের খবর প্রকাশ্যে সেভাবে আসেনি।
একদিন খবর আসে, গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে গিয়েছেন রণবীর। সেই খবর পেয়েই ক্যামেরা নিয়ে অভিনেত্রীর বাড়ির নিচে অপেক্ষা করতে শুরু করেন ওই সাংবাদিক।
স্মৃতিচারণা করে তিনি বলেন, “যখন রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের প্রেমের খবর কেউ জানত না তখন একদিন খবর পাই রণবীর ক্যাটরিনার বাড়িতে এসেছেন। রাত একটা বেজে ত্রিশ মিনিট নাগাদ রণবীর বের হবেন। তাই আমরা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ক্যাটরিনার বাড়ির নিচে গিয়ে লুকিয়ে ছিলাম।
রণবীর যখন বেরিয়ে এলেন তখন বুঝতে পেরেছিলেন আমরা সেখানে রয়েছি। ক্যাপ দিয়ে মুখ আড়াল করে গাড়িতে উঠে চলে যান। সেসময় তাঁদের প্রেমচর্চা টক অফ দ্য টাউন।”
শুধু ক্যাটরিনার বাড়ি নয়, বান্দ্রায় তাঁর ম্যানেজারের একটি ফাঁকা বাড়িতেও দুজনের দেখা করার খবর পেয়েছিলেন ওই সাংবাদিক। সেখানেও ক্যামেরা নিয়ে আগে থেকেই অপেক্ষায় ছিলেন তারা।
তিনি বলেন, “ওরা কারও শেষকৃত্যে গিয়েছিলেন। সেই সময় আমি খবর পাই দু’জন ক্যাটরিনার ম্যানেজারের বাড়িতে দেখা করতে যাচ্ছেন। ওরা সেখানে পৌঁছানোর আগেই আমরা পৌঁছে গিয়ে লুকিয়ে ছিলাম। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই আমরা ক্যামেরা চালু করে দিই। রণবীর গাড়ির কাচ নামিয়ে দেখলেন যে আমরা সেখানে রয়েছি। এরপর এমনভাবে অভিনয় করলেন যেন ক্যাটরিনাকে বাড়িতে নামিয়ে দিতেই এসেছেন।”
এরপরই ঘটে আরও চমকপ্রদ ঘটনা। রণবীর সেখান থেকে চলে যাওয়ার পরও সাংবাদিকরা অপেক্ষা করতে থাকেন। প্রায় ১০ মিনিট পর ফের সেখানে ফিরে আসেন অভিনেতা। তাঁকে দেখেই আবার ক্যামেরা চালু করেন তারা।
এরপর সাংবাদিকদের দিকে এগিয়ে আসেন রণবীর। তাঁর দাবি অনুযায়ী, গাড়ির দরজা খুলে তাঁদের ক্যামেরার ব্যাগ ও বুম নিয়ে চলে যান অভিনেতা। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কখনো তাঁদের অনুসরণ না করা হয়, সেই কথাও জানিয়ে দেন।
তবে রণবীরের সেই দাবি মানতে রাজি ছিলেন না ওই সাংবাদিক। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন বুঝতে পেরে ক্যামেরার ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম ফিরিয়ে দেন অভিনেতা।
রণবীর-ক্যাটরিনার সেই সম্পর্ক অবশ্য শেষ পর্যন্ত টেকেনি। পরবর্তীতে দুজনেই আলাদা পথে হাঁটেন। তবে তাঁদের প্রেমের সময়কার নানা ঘটনা আজও বলিউডের অন্যতম চর্চিত অধ্যায় হয়ে আছে।
রেডিওটুডে নিউজ/আনাম

