জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুর’ আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা; ছবি সংগৃহীত
বিএনপির রাজনীতি তাদের দলীয় কার্যালয় আর প্রেসক্লাবের মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুর’ আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভায় তিনি এ কথা বলেন। -খবর বাসসের
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি জনগণের কথা বললেও গত দেড় বছরে তারা জনগণের কাছে পৌঁছায়নি। জনগণের কাছে তাদের কোন ত্রাণ তৎপরতা ছিল না। জনগণের দুঃসময়ে ও জাতির ক্রান্তিলগ্নে আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছিল। বিএনপি কখনো মানুষের পাশে দাঁড়ায়নি। তারা জনগণ থেকে বহুদূরে চলে গেছে।
‘সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নিপীড়ন চালাচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, তারা ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতাকে রাস্তায় পিটিয়ে রক্তাত করেছে। কিন্তু বিএনপির কোনো সিনিয়র নেতাকে পুলিশ পিটিয়েছে তার কোনো প্রমাণ তাদের কাছে নেই। তারা প্রতিদিনই প্রেসক্লাবে মানববন্ধন ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করেন। সেখানে পুলিশ তাদের বাঁধা দিচ্ছে না।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরেই দলটির রাজনীতি পরিচালিত হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বলেন, তারা সুস্পষ্টভাবে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কিছু বলছে না । দলটির নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে স্টান্ডবাজি করছে।
সংগঠনের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে মোহাম্মদ নাসিমের বড় সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

