লৌহজংয়ে বিএনপির বস্ত্র বিতরণ অনুষ্ঠান
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে এই কর্মসূচী পালন করা হয়।
গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ্ আলম শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল হোসেন হাওলাদারের সঞ্চালনায় গাঁওদিয়া প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, ২৫ শে মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী নির্বিচারে আমাদের দেশের সাধারণ জনগণের উপর গুলিবর্ষণ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলো তখন সেই পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে এদেশের তৎকালীন কোনো রাজনৈতিক নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন নাই। কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন নাই। এদেশের জনগণ ও দেশকে বাঁচাতে নিজের জীবনের মায়া ত্যাগ করে একজন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
তিনি বলেন, মেজর জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেন নাই। তিনি জেড ফোর্স গঠন করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এদেশের বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছিলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুরদর্শী নেতৃত্বেই এ দেশের কৃষি ব্যবস্থার বিপ্লব ঘটেছিলো। দেশের শিক্ষা, নারী উন্নয়ন, সংবাদপত্রের স্বাধীনতা সহ সকল সেক্টরের উন্নয়নে তিনি তার নেতৃত্বের প্রমাণ রেখেছিলেন। কৃষি খাতের উন্নয়ন ঘটিয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড় করানোর স্বপ্ন তিনি দেখেছিলেন।
আবদুস সালাম বরেন, শহীদ জিয়া আজ আমাদের মাঝে নেই, তবে তার সুযোগ্য উত্তরসুরী হিসেবে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সুদুর লন্ডনে থেকেও তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন। এ দেশের যেকোনো দুর্যোগময় মুর্হুতে তার দলের নেতাকর্মীদেরকে জনসাধারণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়ে থাকেন। আজকে তথাকথিত মেগা প্রজেক্টের নামে উন্নয়নের ঘন্টি বাজিয়ে এদেশের আপামর জনসাধারণের জীবন কে র্দুবিষহ করে তুলেছে বিনা ভোটের নিশিরাতের সরকার।
আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবীবুর রহমান অপু চাকলাদার, লৌহজং উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ লতিফ ঢালী, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি হাজী মোঃ মুক্তার হোসেন খান। বক্তব্যে রাখেন লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ তানভীর আহমেদ অভি, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন তালুকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মন্জিল হোসেন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক সুজন হাওলাদার, লৌহজং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া ইসলাম আলো, লৌহজং উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য জুয়েল শিকদার।

