সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান সৃষ্টির তথ্যে চলতি মাসে ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে। এর জেরে শুক্রবার (২ অক্টোবর) স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি প্রত্যাশার চেয়ে মন্থর হওয়ার তথ্য প্রকাশের পর মার্কিন ডলারের সূচক কিছুটা কমেছে। অন্যদিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) ১০ ও ৩০ বছর মেয়াদী ট্রেজারি ইয়েল্ড ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, চলতি মাসে মার্কিন সুদের হার বাড়ার সম্ভাবনা দেখছেন প্রায় ১৪ শতাংশ ব্যবসায়ীরা। কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে যা ছিল ২৮ শতাংশ। আর চলতি সপ্তাহের শুরুতে এটি প্রায় ৭০ শতাংশেৌঁছেছিল।
মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমে যাওয়ায় ডলার দুর্বল হয়েছে। এতে করে আমরা স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী ধারা দেখছি।’
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম প্রায় ২০ শতাংশ কমেছে। যুদ্ধজনিত মূল্যস্ফীতির কারণে সুদের হার দীর্ঘমেয়াদে উঁচুতে অবস্থান করতে পারে, এমন আশঙ্কাই এ দরপতনের প্রধান কারণ।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬২ দশমিক ০৭ ডলার, প্ল্যাটিনাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪০ দশমিক ৫৩ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ১৯৭ দশমিক ৪৭ ডলারে উঠেছে।
দেশের বাজারে স্বর্ণের দাম
এদিকে দেশের বাজারে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা পড়ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

