প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালা অনুযায়ী পরীক্ষার হলে শিক্ষার্থীদের মানতে হবে ১০টি নির্দেশনা।
নীতিমালাসমূহ:
১. পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;
২. পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না;
৩. উত্তরপত্রের কভার পৃষ্ঠা (ওএমআর) এর নির্ধারিত স্থানে নাম, বিষয় কোড ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না;
৪. উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে;
৫. উত্তরপত্রের ভিতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয়/আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না;
৬. খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে;
৭. প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, স্কেল, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না;
৮. প্রশ্নপত্র বিতরণের পর একঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না;
৯.পরীক্ষা শেষ হওয়ার পর কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার হল ত্যাগ করতে হবে;
১০. এছাড়া কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মাবলি অনুসরণ করতে হবে।
এছাড়া পরীক্ষা চলাকালীন আচরণের নির্দেশিকায় বলা হয়, পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথা বলা যাবে না, প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না, প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না বা অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করা যাবে না।
এতে আরও বলা হয়, উত্তরপত্র ইনভিজিলেটরের নিকট দাখিল না করে উত্তরপত্রসহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না ও কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন বা বিনষ্ট করা যাবে না।
রেডিওটুডে নিউজ/আনাম

