সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতের সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে, কুয়েতের আল-আদিরি বিমান ঘাঁটিতে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।
রোববার (৮ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
আইআরজিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় বিমান ঘাঁটির ভেতরে অবস্থিত মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, বিশাল জ্বালানি ট্যাঙ্ক এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে এই হামলাকে অত্যন্ত সফল হিসেবে দাবি করা হচ্ছে।
এর আগে কুয়েত সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে এবং তা প্রতিহত করার চেষ্টা চালিয়েছে। তবে কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
ফারস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “হামলার পর বিমান ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে এখনও ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে, যা অনেক দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।”
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার মধ্যে কুয়েতের ঘাঁটিতে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

