নিউজিল্যান্ডে প্রথমবারের মতো এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা জানান, ওয়েলিংটনের একটি সৈকতে পাওয়া পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এইচ৫ বার্ড ফ্লু বিশ্বজুড়ে গৃহপালিত পাখি ও বন্য পাখির মধ্যে গুরুতর অসুস্থতা এবং ব্যাপক মৃত্যুর কারণ হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিউজিল্যান্ডের জৈব নিরাপত্তা মন্ত্রী অ্যান্ড্রু হগার্ড বলেছেন, ‘ওয়েলিংটনের পেটোন সৈকতে একটি বাদামি স্কুয়া সামুদ্রিক পাখি পাওয়ার পর ওই পাখিটি এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ফলে নিউজিল্যান্ডবাসীকে সতর্ক থাকতে বলা হচ্ছে।’
তিনি বলেন, বন্য পাখিদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার বা ব্যাপক সংখ্যক বন্য পাখি মারা যাওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
প্রতিবেশী অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে এইচ৫ ভাইরাসমুক্ত একমাত্র মহাদেশীয় ভূখণ্ড হিসেবে পরিচিত ছিল। তবে, গত জুনে দেশটিতে প্রথমবার এই ভাইরাস শনাক্ত হয়। এরপর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ১৪টি সংক্রমণের ঘটনা জানিয়েছে।
নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে বিপন্ন পাঁচটি পাখি প্রজাতি—কাকাপো, তাকাহে, শোর প্লোভার, ব্ল্যাক স্টিল্ট এবং অরেঞ্জ-ফ্রন্টেড প্যারাকিট—রক্ষায় প্রজননকারী পাখিদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
মানুষ বসবাস শুরু করার আগে নিউজিল্যান্ডে কোনো স্তন্যপায়ী প্রাণী ছিল না। দেশটির অনেক অনন্য পাখি প্রজাতি, যেমন কিউই, উড়তে সক্ষম নয়।
কর্তৃপক্ষ জনগণকে তিনটি বা তার বেশি অসুস্থ পাখির দল দেখতে পেলে তা জানানোর জন্য অনুরোধ করেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

