একই দিনে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষাতেও একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রামের তিন জমজ বোন।
মেধাবী এই তিন শিক্ষার্থী হলেন তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের কন্যা। তিন মেয়ের একযোগে এই সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, শিক্ষক ও স্বজনরা।
স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
পরিবারের সদস্যরা জানান, ছোটোবেলা থেকেই তিন বোনের পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, পারস্পরিক সহযোগিতা এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণাই তাদের এই সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে। একজনের অনুপ্রেরণা অন্য দুজনকে আরও ভালো করার উৎসাহ জুগিয়েছে।
শিক্ষার্থীদের বাবা আইনজীবী তারিকুর রহমান তারিক বলেন, ‘এটি আল্লাহর অশেষ রহমত। মেয়েরা যেন ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।’
কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, ‘একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন সত্যিই বিরল ঘটনা। এটি শুধু একটি পরিবারের নয়, পুরো কুড়িগ্রামের জন্যই গর্বের।’
রেডিওটুডে নিউজ/আনাম

