১২–২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য আসছে রেশন সুবিধা

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

১২–২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য আসছে রেশন সুবিধা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৮, ১১ জুলাই ২০২৬

Google News
১২–২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য আসছে রেশন সুবিধা

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মীদের আর্থিক চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে প্রস্তাবটির অগ্রগতি নিয়মিত জানাতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ১২ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি তিন মাস পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে।

জানা গেছে, গত ৩ মে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক এ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় অনেক সরকারি কর্মচারী আর্থিক সংকটে পড়ছেন। ফলে তাদের ওপর মানসিক চাপ তৈরি হচ্ছে, যা দায়িত্ব পালনে প্রভাব ফেলতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপ-সচিব মো. মামুন বলেন, ডিসি সম্মেলনে উত্থাপিত উন্নয়ন প্রস্তাবগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে করণীয় জানানো হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পাঠাতে বলা হয়েছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে রেশন সুবিধা সরকারি কর্মচারীদের জন্য সহায়ক হতে পারে। তবে সুবিধা বিতরণে স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

প্রস্তাবিত সুবিধার আওতায় ১২তম গ্রেডের বিভিন্ন পদ যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, অডিটর ও জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পিয়ন, মালী ও পরিচ্ছন্নতাকর্মীদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

বর্তমানে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সদস্যরা সুলভ মূল্যে রেশন সুবিধা পেয়ে থাকেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের