ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের শিশুকন্যাকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের দ্রুত তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মা ও মেয়ে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি উপজেলার হারিকেলি এলাকার আজিজ মোল্লার মেয়ে। সম্প্রতি নলছিটি শহরের বাসিন্দা আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকায় যান। একপর্যায়ে তিনি শিশুটিকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। ঘটনা দেখে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে মা ও মেয়েকে উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। কিছুদিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর সাবেক স্বামী মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে তিনি দাবি করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাইদুল ইসলাম। তিনি বলেন, লাকি তার বাবার পরিবারের সঙ্গেই থাকেন। প্রায় ২০ দিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে এবং গত তিন মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদে রয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

