বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, প্যাকেজেই মিলবে ই-ভিসা

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, প্যাকেজেই মিলবে ই-ভিসা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪২, ১১ জুলাই ২০২৬

আপডেট: ১৪:৪২, ১১ জুলাই ২০২৬

Google News
বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, প্যাকেজেই মিলবে ই-ভিসা

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য নতুন ‘ভিসা প্যাকেজ’ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় অনুমোদিত ভ্রমণ প্যাকেজ বুকিং করলেই আলাদা ভিসা আবেদনের ঝামেলা ছাড়াই ইলেকট্রনিক পর্যটন ভিসা (ই-ভিসা) পাওয়া যাবে।

শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এ সুবিধার আওতায় আসছেন। ভবিষ্যতে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচিতে যুক্ত করা হবে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা একসঙ্গে নিতে পারবেন। ফলে ভিসার জন্য আলাদা আবেদন বা দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে ই-ভিসা ইস্যু করা হবে। পরে ভিসা, ভ্রমণ বিমা ও প্রয়োজনীয় নথি ই-মেইলে পাঠানো হবে।

এ সেবার জন্য এখন পর্যন্ত রিজার্ভাল ও আলমোসাফের—এই দুটি ট্রাভেল এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কর্মসূচির আওতায় দেওয়া ভিসার মেয়াদ হবে তিন মাস। এটি একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) সুযোগ দেবে। এ ভিসায় ভ্রমণকারীরা সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

প্যাকেজে থাকতে হবে নিশ্চিত বিমান টিকিট, পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত কমপক্ষে চার তারকা মানের হোটেল এবং ই-ভিসার আবেদন। প্রথম দুই দিনের জন্য একজন প্রাপ্তবয়স্কের ন্যূনতম প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিদিন অতিরিক্ত ১ হাজার রিয়াল করে যোগ হবে।

ভিসা ইস্যু ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

তবে এ প্যাকেজে ওমরাহ-সংক্রান্ত কোনো সেবা বা মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে না। যদিও ই-ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির বিভিন্ন স্থানে, এমনকি মক্কা ও মদিনাতেও ভ্রমণ করতে পারবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের