ফুটবল বিশ্বকাপকে বলা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা। প্রায় একশ বছরের ইতিহাসে মাত্র কয়েকটি দেশই এই কাঙ্ক্ষিত ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে। সময়ের সঙ্গে বদলেছে বিশ্বচ্যাম্পিয়নের নাম, তবে কিছু দল ধারাবাহিক সাফল্যে নিজেদের কিংবদন্তির আসনে প্রতিষ্ঠিত করেছে।
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। সেলেসাওরা এখন পর্যন্ত পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে শিরোপা জিতে তারা সর্বোচ্চবার বিশ্বকাপ জয়ের রেকর্ড নিজেদের দখলে রেখেছে।
চারটি করে শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি জার্মানি ও ইতালি। ইতালি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে ট্রফি জিতেছে। অন্যদিকে জার্মানির বিশ্বজয়ের বছরগুলো হলো ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪।
তিনবার বিশ্বকাপ জিতে তালিকার পরের অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা প্রথম শিরোপা জেতে ১৯৭৮ সালে। এরপর ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয়বার এবং ২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে দক্ষিণ আমেরিকার দেশটি।
ফ্রান্স ও উরুগুয়ে—দুই দেশই বিশ্বকাপ জিতেছে দুইবার করে। উরুগুয়ে প্রথম আসর ১৯৩০ এবং ১৯৫০ সালে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ফ্রান্স শিরোপা জেতে ১৯৯৮ ও ২০১৮ সালের আসরে।
এ ছাড়া একবার করে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড ও স্পেন। ইংল্যান্ডের একমাত্র শিরোপা আসে ১৯৬৬ সালে, আর স্পেন প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জেতে ২০১০ সালে।
এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে মাত্র আটটি দেশ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। প্রতি আসরেই নতুন ইতিহাস রচনার অপেক্ষায় থাকে ফুটবলপ্রেমীরা, আর বিশ্বসেরার মুকুট জয়ের এই লড়াই বিশ্বকাপকে করে তুলেছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ক্রীড়া আয়োজন।
রেডিওটুডে নিউজ/আনাম

