দুই দিন আগেও তিনি গো অ্যাহেড ইগলস এবং আপোলন লিমাসলের মধ্যকার প্রীতি ম্যাচ পরিচালনা করেছেন। আর আজ নেদারল্যান্ডসের ছোট্ট শহর বোরকুলোর নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে!
মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন ডাচ ফুটবলের পরিচিত রেফারি রব ডিপেরিঙ্ক। তার আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও এরই মধ্যে এ নিয়ে রহস্যের ডালপালা মেলেছে।
এক বিবৃতিতে কেএনভিবি লিখেছে, ‘রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত এবং গভীরভাবে শোকাহত। ফুটবল অঙ্গন একজন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ রেফারিকে হারাল। তার চেয়েও বড় কথা, আমরা হারালাম একজন অসাধারণ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে।’
সব ঠিক থাকলে চলতি ফিফা বিশ্বকাপে ডিপেরিঙ্ককে ম্যাচ পরিচালনা করতে দেখা যেত। কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে ডিপেরিঙ্ককে রেফারিদের প্যানেল থেকে বাদ দেয় ফিফা। গত এপ্রিলে লন্ডনের ক্রয়ডনে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে ডিপেরিঙ্ককে গ্রেপ্তার করেছিল পুলিশ।
তবে সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ডিভাইস এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনার পর পুলিশ জানায়, অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় মামলাটি আর এগিয়ে নেওয়া হবে না। এরপরই ডিপেরিঙ্কের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগের শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন ডিপেরিঙ্ক। তদন্ত শেষ হওয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি গভীরভাবে মর্মাহত যে, আমাকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে। তদন্তে আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফা ও কেএনভিবিকে সব বিষয়ে অবহিত করেছি।’
তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত না হলেও ফিফা তাকে বিশ্বকাপের রেফারিদের তালিকায় পুনর্বহাল করেনি। এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ডিপেরিঙ্ক বলেছিলেন, ‘বিশ্বকাপে ফিরতে না পারায় আমি ভীষণ হতাশ।’
ডিপেরিঙ্ক ২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে রেফারির দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ২০২৪ ইউরোয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে কাজ করেছেন।
এরেডিভিসিতে মোট ৮৪টি ম্যাচ পরিচালনা করেছেন ডিপেরিঙ্ক। পরশু রাতে গো অ্যাহেড ইগলস এবং আপোলন লিমাসলের মধ্যকার প্রীতি ম্যাচটা তার জীবনের শেষ ম্যাচ হয়ে থাকল।
রেডিওটুডে নিউজ/আনাম

