চলমান বিশ্বকাপে আর্জেন্টিনাকে রেফারিরা বাড়তি সুবিধা দিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ফেলিপে মেলো। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্রুপো গ্লোবোর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমন দাবি করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ডি’আলেসান্দ্রো।
মেলোর দাবি, টুর্নামেন্টে আর্জেন্টিনার কয়েকটি সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে। তিনি বলেন, ‘আমার মতে, আর্জেন্টিনা অবশ্যই সুবিধা পেয়েছে। কেন এমন বলছি, সেটিও ব্যাখ্যা করছি। মেসির সেই ফাউলের পর লাল কার্ড না দেখানোই প্রমাণ করে যে তারা বাড়তি সুবিধা পেয়েছে।’
এ ছাড়া মিশরের বিপক্ষে বাতিল হওয়া একটি গোল নিয়েও প্রশ্ন তোলেন ব্রাজিলের সাবেক এই তারকা। তার মতে, গোলটি বাতিল করা উচিত ছিল না।
তবে আর্জেন্টিনার অর্জনকে খাটো করছেন না বলেও জানান মেলো। তিনি বলেন, ‘সেমিফাইনালে ওঠা তাদের যোগ্যতা। এজন্য তারা প্রশংসার দাবিদার। কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে, তারা কিছু সুবিধা পেয়েছে।’
মেলোর আরও দাবি, একই ধরনের ঘটনা ব্রাজিল বা অন্য কোনো দলের খেলোয়াড়ের ক্ষেত্রে ঘটলে সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। তিনি বলেন, ‘যদি কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় এমন কিছু করত, তাহলে সরাসরি লাল কার্ড দেখানো হতো। যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বালোগান লাল কার্ড পেয়েছে, অথচ আর্জেন্টিনা সুবিধা পেয়েছে। দলের সবচেয়ে বড় তারকার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত হলে আলোচনা হবেই।’
তবে মেলোর অভিযোগের সঙ্গে একমত নন আর্জেন্টিনার সাবেক ফুটবলার আন্দ্রেস ডি’আলেসান্দ্রো। তিনি বলেন, ‘আমি এসব বিশ্বাস করি না। তবে ধারাবাহিক বিতর্কের কারণে মানুষের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে, ফাইনালে উঠবে এবং ফিফার সহায়তায় বিশ্বচ্যাম্পিয়ন হবে।’
সূত্র: টিওয়াইসি স্পোর্টস
রেডিওটুডে নিউজ/আনাম

