রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এটি ২০০৯ সালের পর গত ১৭ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে ২০০৯ সালে ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছিল।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬০ মিলিমিটার, কক্সবাজারে ১১৩ মিলিমিটার, আমবাগানে ১৪০ মিলিমিটার এবং ফরিদপুরে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি বাড়তে পারে।
এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সর্বশেষ তথ্যে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩৯ জন।
রেডিওটুডে নিউজ/আনাম

