চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিক্রয় রাজস্ব চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশেষ করে উচ্চপ্রযুক্তি ও উদীয়মান শিল্পখাতের প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির কর প্রশাসন।
এদিন প্রকাশিত কর চালান তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিক্রয় রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
একই সময়ে যন্ত্রপাতি উৎপাদন খাতের বিক্রয় রাজস্ব বেড়েছে ৮ শতাংশ।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের ফলে রোবট এবং বুদ্ধিমান যানবাহন সরঞ্জাম উৎপাদন খাতেও দ্রুত প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময় রোবট উৎপাদন খাতের বিক্রয় রাজস্ব ২৭ দশমিক ৭ শতাংশ এবং স্মার্ট যানবাহন সরঞ্জাম উৎপাদন খাতের রাজস্ব ৪৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
ইন্টিগ্রেটেড সার্কিট উৎপাদন খাতের বিক্রয় রাজস্ব ৫৭ দশমিক ৭ শতাংশ, অপটোইলেকট্রনিক ডিভাইস উৎপাদন ৩২ দশমিক ৬ শতাংশ এবং সেমিকন্ডাক্টর ডিভাইস উৎপাদন ২৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
বছরের প্রথম পাঁচ মাসে বায়ু, সৌর, জলবিদ্যুৎ ও পারমাণবিক শক্তিসহ পরিচ্ছন্ন জ্বালানি খাতের বিক্রয় রাজস্ব ১৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে। মোট বিদ্যুৎ বিক্রয় রাজস্বের মধ্যে এ খাতের অংশ দাঁড়িয়েছে ৩৮ দশমিক ১ শতাংশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ পয়েন্ট বেশি।
রেডিওটুডে নিউজ/আনাম

