টাইফুন মেসাকের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বন্যা নিয়ন্ত্রণ ও জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম আরও জোরদার করেছে।
কুয়াংসি জলবিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত অঞ্চলটির ২৯টি নদী এবং ৩৬টি জলবিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের পানির স্তর সতর্কতাসীমার চেয়ে ০ দশমিক ১১ থেকে ৪ দশমিক ১০ মিটার পর্যন্ত ওপরে ছিল।
কেন্দ্রটি জানায়, শনিবার সকাল ১১টায় ফাংচেং নদীর ওপর অবস্থিত ফাংচেং জলবিজ্ঞান কেন্দ্রের পানির স্তর ৯ দশমিক ৮৯ মিটারে পৌঁছায়, যা সতর্কতাসীমার চেয়ে ৪ দশমিক ৩৯ মিটার বেশি। ১৯৮২ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠার পর এটিই সর্বোচ্চ রেকর্ড করা পানির স্তর।
পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে কুয়াংসি জলসম্পদ বিভাগ আঞ্চলিক বন্যা মোকাবিলার জরুরি প্রতিক্রিয়া চতুর্থ স্তর থেকে তৃতীয় স্তরে উন্নীত করেছে। একই সঙ্গে বন্যা সতর্কতা বহাল রেখেছে।
এদিকে চীনের জলসম্পদ মন্ত্রণালয় সতর্ক করে জানায়, ৫ থেকে ৭ জুলাইয়ের মধ্যে অঞ্চলের বিভিন্ন স্থানে ৮০ থেকে ১৯০ মিলিমিটার এবং কোথাও কোথাও ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় কুয়াংসি এবং উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে অতিরিক্ত কর্মী দল পাঠিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

