বেইদৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের (বিডিএস)- প্রযুক্তিগত উদ্ভাবন আরও জোরদার করবে চীন। এটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের আরও ভালোভাবে সেবা দিতে পারবে। মঙ্গলবার এসব কথা জানান চীনের ভাইস প্রিমিয়ার চাং কুওছিং।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য চাং কুওছিং মধ্য চীনের হুনান প্রদেশের চুচৌয়ে অনুষ্ঠিত বিডিএস অ্যাপ্লিকেশন্স বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, চীন উন্মুক্ততা ও সমন্বয়, সহযোগিতা এবং পারস্পরিক পরিপূরকতার মাধ্যমে অভিন্ন সুবিধা অর্জনের নীতি সমুন্নত রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, চীন বেইদৌয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির সমন্বয় জোরদার করবে। পাশাপাশি ব্যবস্থা উন্নয়ন ও হালনাগাদ কার্যক্রম অব্যাহত রাখবে এবং বেইদৌ শিল্পের সুস্থ ও সুশৃঙ্খল বিকাশে ভূমিকা রাখবে।
চাং কুওছিং বলেন, সেবার আওতা ও মানের দিক থেকে বেইদৌ ব্যবস্থা আরও বাড়ানোর উদ্যোগ নেবে চীন। একই সঙ্গে স্যাটেলাইট নেভিগেশন ক্ষেত্রে বৈশ্বিক ব্যবস্থাপনায় অবদান রাখবে।
তিনি বলেন, ‘বেইদৌ ব্যবস্থা শুধু চীনের জনগণকেই সুবিধা দিচ্ছে না, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষও এর সুফল পাচ্ছেন। ক্রমাগত উন্নত কর্মদক্ষতা ও সেবার মান এবং ক্রমবর্ধমান ব্যবহার ক্ষেত্র ও পরিসরের মাধ্যমে বিডিএস বিশ্বব্যাপী ব্যবহারকারীদের স্থিতিশীল ও নির্ভরযোগ্য অবস্থান নির্ণয়, নেভিগেশন এবং সময় নির্ধারণ সেবা দিয়ে আসছে।‘
চীনা ও বিদেশি বিশেষজ্ঞ ও গবেষক, ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৯০০ জন এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে চীনের ভাইস প্রিমিয়ার মাদাগাস্কারের প্রধানমন্ত্রী মামিতিয়ানা রাজাওনারিসোনের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র: সিএমজি
রেডিওটুডে নিউজ/আনাম

