আফগানিস্তানের কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। আহত হয়েছেন প্রায় ২৫০ জন।
গতকাল (সোমবার, ১৬ মার্চ) স্থানীয় সময় রাত ৯টা নাগাদ হঠাৎ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ২ হাজার শয্যা বিশিষ্ট ওমর মাদক নিরাময় কেন্দ্রটি। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে বেশকিছুক্ষণ অঞ্চলটির আকাশসীমায় যুদ্ধবিমান টহল দিতে থাকে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন ফের আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে ইসলামাবাদ। যদিও হামলার দাবি অস্বীকার করে পাকিস্তান জানায়, অপারেশন ‘গজব লিল হকের’ অংশ হিসেবে সোমবার স্থানীয় সময় রাতে কাবুল ও নাঙ্গাহার প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তারা।
ইসলামাবাদের দাবি, অবকাঠামোগুলো থেকে পাকিস্তানের বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করা হতো। এর আগে, গত মাসে পাল্টাপাল্টি সংঘাতে জড়ায় ইসলামাবাদ ও কাবুল। এতে প্রাণহানির পাশাপাশি দুই দেশের বহু মানুষ আহত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

