ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রয় কেন্দ্র ওয়াইল্ডবেরিজের দুটি গুদামে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় অন্তত সাতজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
শনিবার (১৮ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গেল বুধবার রাতে চালানো এ হামলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বোভ শহরের একটি ওয়াইল্ডবেরিজ গুদামে। সেখানে রাতের শিফটে কর্মরত সাতজন ঘটনাস্থলেই নিহত হন এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তামবভ অঞ্চলের গভর্নর।
এ ছাড়া মস্কো অঞ্চলের ইলেকট্রোস্তাল শহরে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলার লক্ষ্য ছিল এমন গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনা, যেগুলো ড্রোন উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ যন্ত্রাংশ ও নেভিগেশন সরঞ্জাম সরবরাহে ভূমিকা রাখছিল। তিনি আরও জানান, একই অভিযানে আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াতেও একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো, শহর ও জনবসতিতে রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতভর ইউক্রেনজুড়ে রুশ হামলায় অন্তত ১৪ জন নিহত হন।
রাশিয়ার অ্যামাজন নামে পরিচিত ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী তাতিয়ানা কিম এ ঘটনাকে ‘কোম্পানি ও রাশিয়ার জন্য এক ভয়াবহ রাত’ বলে উল্লেখ করেছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

