যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস এলাকায় একটি শপিং জোনে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। শনিবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
শহরের জনসংযোগ সমন্বয়কারী জশ পামার রয়টার্সকে জানান, জনসমাগমপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত ইন-এন-আউট বার্গার' রেস্তোরাঁর কাছে বন্দুকধারী গুলিবর্ষণ করে। প্রায় এক ঘণ্টা পর নিশ্চিত হওয়া যায় যে, বন্দুকধারী আর কোনো হুমকি নয়।
টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের বলেন, বন্দুকধারীও নিহত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনো ঝুঁকি নেই।
হিকস জানান, নিহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। তবে শহরের মুখপাত্র জশ পামার রয়টার্সকে জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে বন্দুকধারীও রয়েছে। এছাড়া অন্তত দুজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর পরিচয় শনাক্ত এবং হামলার উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
ঘটনার পরপরই টুইন ফলস পুলিশ বিভাগ ফেসবুকে জানায়, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলসংলগ্ন সড়ক এবং কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি আইডাহোর মধ্যাঞ্চলীয় ম্যাজিক ভ্যালি এলাকায় অবস্থিত।
রেডিওটুডে নিউজ/আনাম

