লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার ত্রিপোলিভিত্তিক বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া সরকারের সহযোগিতায় এবং আইওএমের সমন্বয়ে তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭৪ জন দেশে ফেরেন। এর আগে গত ১৮ আগস্ট লিবিয়ার বেনগাজিতে আটক আরও ১৭৪ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দর সূত্র জানায়, দেশে ফেরা এসব বাংলাদেশি বিভিন্ন জেলার বাসিন্দা।
সংশ্লিষ্টরা জানান, দেশে ফেরা বেশিরভাগ বাংলাদেশিই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকে সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।
বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা গ্রহণ করেন। এ সময় জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়।
পরে আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে বাড়ি ফেরার যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

