আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তার ধারণা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়কে হামলার জন্য বেছে নিতে পারে তেহরান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জোয়ে হুড বলেন, মার্কিন প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ইতিহাস রয়েছে ইরানের। বিশেষ করে নির্বাচনের সময় এ ধরনের পদক্ষেপ নেওয়ার নজির রয়েছে দেশটির। জিমি কার্টার থেকে শুরু করে সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্টদের সময়েও ইরান এমন পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় ইরানের জন্য যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। মার্কিন ভোটাররা পেট্রোলের দামের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে আলোচনার পথ খুলতে মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকে বড় ধরনের উদ্যোগ প্রয়োজন।
জোয়ে হুড বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো যদি উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে না পারে, তাহলে চলমান কূটনৈতিক তৎপরতার খুব বেশি কার্যকারিতা থাকবে না।
তিনি আরও বলেন, মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো চাইলে এ সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে। এসব দেশ তাদের নৌশক্তি নিয়ে উপসাগর ও উত্তর আরব সাগরে উপস্থিত হয়ে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দিতে পারে।
তার মতে, এমন উদ্যোগ নেওয়া হলে জাহাজে হামলা ঠেকানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রয়োজনীয়তাও কমে আসতে পারে।
সূত্র: আল জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

