সাবেক আইজিপি শহীদুলসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

রোববার,

১৪ জুন ২০২৬,

৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

১৪ জুন ২০২৬,

৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

ছাত্রদলনেতা জনিকে ক্রসফায়ারে হত্যা

সাবেক আইজিপি শহীদুলসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৩, ১৪ জুন ২০২৬

Google News
সাবেক আইজিপি শহীদুলসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক একেএম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। 

একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করা হয়েছে। 

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে শহীদুল ও আসাদুজ্জামানকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আবেদন দুটি মঞ্জুর করে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে পুলিশের সাবেক এই দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে পুলিশ। এ ঘটনায় ডিএমপির তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তৎকালীন আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়, যা তদন্তাধীন রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের