আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নতুন ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস পেলেন সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
আজ সোমবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিমের দেওয়া এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
গত ১৪ ও ১৫ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল বা নীল প্যানেল। সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৩টি পদেই জয় পায় এই প্যানেলের প্রার্থীরা। একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল বা সবুজ প্যানেলের প্রার্থী।
নবনির্বাচিত সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে যান কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সাক্ষাতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য বসার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলে আইনমন্ত্রী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে একমত পোষণ করেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরো বলা হয়েছে, আইনমন্ত্রী সমিতির নেতৃবৃন্দকে বলেছেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার দেওয়া বিষয়গুলোর মধ্যে একটি। এ সময় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
রেডিওটুডে নিউজ/আনাম

