আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘ডিসেম্বরে আসবেন না জানুয়ারিতে আসবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা কালই চাই। অতএব কোনো স্ট্যান্ডবাজি করবেন না। আমাদের এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। বাংলার মানুষ আর কোনো অস্থিতিশীল পরিবেশ গ্রহণ করবে না।’
শনিবার বিকেলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২০২৪ সালের গণঅভ্যুত্থানবিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. আমিনুল ইসলাম বলেন, একটি সরকার কতটা নিষ্ঠুর হলে নিরস্ত্র মানুষের ওপর দিনের পর দিন নির্বিচারে গুলি চালাতে ও হত্যাকাণ্ড ঘটাতে পারে, জুলাইয়ের ঘটনাপ্রবাহ তার উদাহরণ। তাঁর দাবি, টানা ৩৬ দিন সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালানো হয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই এসব কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি আরও বলেন, ‘আপনি যদি জনগণের সরকার হতেন, দেশের মানুষের প্রতি যদি আপনার মমত্ববোধ থাকত, তাহলে কখনো এভাবে নির্মম আচরণ করতে পারতেন না। প্রতিদিন বাহিনীকে মাঠে নামানো হয়েছে, সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এরপরও কীভাবে আশা করেন যে দেশের মানুষ আপনাকে আবার গ্রহণ করবে?’
চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান সরকার শুধু জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিচারই করছে না, বরং সংশ্লিষ্ট অপরাধের পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে সংঘটিত অপরাধের অভিযোগও তদন্ত করছে।
তিনি বলেন, ‘ইতোমধ্যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে যেসব অপরাধ করেছে, সেগুলোর বিষয়ে জোর তদন্ত চলছে। আমরা আশা করি, খুব শিগগিরই আওয়ামী লীগ সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি হবে। বিচারের প্রশ্নে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে বিচার করা হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

