বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও নতুন চুক্তি সইয়ের বিষয়টিকে একটি ‘চলমান প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে এসে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের মতো শক্তিশালী দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে জড়ানো নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। এ বিষয়ে সাংবাদিকরা ড. খলিলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, এগুলো হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রীয় কার্যক্রমের ধারাবাহিকতা বা চলমান প্রক্রিয়ারই অংশ।
বৈঠকে দুই উপদেষ্টা দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। প্রতিরক্ষা খাতের এই চুক্তিগুলো দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

