ঠোঁট ফাটা খুব সাধারণ সমস্যা। শীত, রোদ বা কম পানি খাওয়ার কারণে মাঝে মাঝে ঠোঁট শুকিয়ে গেলে তা স্বাভাবিক। কিন্তু যদি সারা বছর ধরেই ঠোঁট ফাটতে থাকে, লিপ বাম বা ক্রিম ব্যবহার করেও উপকার না মেলে, তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয়।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ঠোঁট ফাটা বা ঠোঁটের চামড়া ওঠার সমস্যাকে বলা হয় কাইলাইটিস।
অনেক সময় এটি শরীরের ভেতরে চলতে থাকা কোনো সমস্যার আগাম বার্তা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, দীর্ঘদিন ঠোঁট ফাটার পেছনে কী কী কারণ থাকতে পারে।
অপুষ্টি ও ভিটামিনের ঘাটতি
শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব হলে তার প্রভাব প্রথমেই ত্বক ও ঠোঁটে দেখা যায়। বিশেষ করে ভিটামিন বি৩, বি৬ ও বি১২–এর ঘাটতি এবং জিঙ্ক ও আয়রনের অভাব।
এসব পুষ্টির ঘাটতিতে ঠোঁট শুকিয়ে যাওয়া, ফেটে যাওয়া এবং ঠোঁটের কোণে ঘা হওয়ার প্রবণতা বাড়ে।
থাইরয়েডের সমস্যা
থাইরয়েড হরমোন শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজম হলে ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায়। যদি নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করার পরেও ঠোঁটের শুষ্কতা ও ফাটা না কমে, তাহলে তা থাইরয়েডের ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে।
ডায়াবেটিস
রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে থাকে। ফলে দেখা দেয় ডিহাইড্রেশন, যার প্রভাব পড়ে ঠোঁট ও মুখের ভেতরে। ডায়াবেটিস থাকলে আরো একটি সমস্যা দেখা দিতে পারে—মুখে ছত্রাক সংক্রমণ। এতে ঠোঁটের কোণে চামড়া ফেটে যাওয়া, লালচে ভাব বা রক্তপাত হতে পারে।
হজমের গোলমাল
দীর্ঘদিনের অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্যের কারণে শরীরে ভিটামিন ও খনিজ শোষণ ঠিকমতো হয় না।
ফলে অপুষ্টি তৈরি হয়, যার একটি লক্ষণ হতে পারে নিয়মিত ঠোঁট ফাটা। বারবার ঠোঁট ফেটে রক্ত বের হলে সেটি অন্ত্রের সমস্যার প্রাথমিক ইঙ্গিতও হতে পারে।
কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন
নিচের লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি—
ঠোঁটের কোণে ঘা বা পুঁজ জমা।
ঠোঁটের চামড়া অস্বাভাবিক মোটা হয়ে যাওয়া।
সাদাটে বা অদ্ভুত দাগ দেখা দেওয়া।
পর্যাপ্ত পানি পান করার পরেও ঠোঁট ও মুখ বারবার শুকিয়ে যাওয়া।
সব শেষে বলা যায়, সব ঠোঁট ফাটাই যে রোগের লক্ষণ, তা নয়। তবে সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং সাধারণ যত্নে না সারে, তাহলে শরীরের ভেতরের কোনো অসামঞ্জস্যের ইঙ্গিত হতে পারে। তাই অবহেলা না করে প্রয়োজন হলে রক্তপরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
রেডিওটুডে নিউজ/আনাম

