গেলো বছর পাঁচ আগস্টের পর রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার বেলা সাড়ে বারোটার দিকে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে তাঁর পদত্যাগপত্রটি জমা দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে নতুন করে পুনর্গঠন করার লক্ষ্যে ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।
নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকিরনতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির
অবসরে থাকা এই অভিজ্ঞ কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজধানীর ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তিনি পেশাদারিত্ব ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন, যা জনমনে প্রশংসিত হয়েছিল।
শেখ মো. সাজ্জাত আলী ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চার দশকের পেশাগত জীবনে তিনি নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রাখেন। ২০১৬ সালে অতিরিক্ত আইজিপি থাকার সময় তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শেখ মো. সাজ্জাত আলীর এই পদত্যাগ এমন এক সময়ে এলো যখন বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরণের রদবদল চলছে। এর মাত্র কয়েক দিন আগে, গত ১৫ ফেব্রুয়ারি তৎকালীন আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মঙ্গলবার মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার। নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণের দিনেই ডিএমপি কমিশনারের এই পদত্যাগের খবরটি পুলিশের প্রশাসনিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ থাকলেও তার নয় মাস আগেই তিনি দায়িত্ব থেকে বিদায় নিলেন। এখন দেখার বিষয়, রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে এবং পুলিশের চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকার কাকে পরবর্তী ডিএমপি কমিশনার হিসেবে মনোনীত করে।
রেডিওটুডে নিউজ/আনাম

