জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৫ চৈত্র ১৪৩২

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৫ চৈত্র ১৪৩২

Radio Today News

বিএনপির সংসদীয় দলের বৈঠক

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪১, ২৯ মার্চ ২০২৬

Google News
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে পর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কেউ যাতে অতিরিক্ত তেল মজুত করতে না পারে, সে জন্য সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল শনিবার সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি জানান, যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সরকার প্রতি মাসে প্রায় ২০০ aকোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম ঠিক রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে। সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান চালানো ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ টন তেলের জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ টন আসার পথে। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন যাতে তারা জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। 

বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম যেন কোথাও না বাড়ে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। সংসদ অধিবেশনে জ্বালানিমন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন।

বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এ ছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কেন এসব দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন।
চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, দেশে এই প্রথম মন্ত্রীদের বাধ্য করা হচ্ছে সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিতে, যাতে তারা কোনো বিষয়ে এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা না হলেও আশা করা হচ্ছে, আগামীকাল (আজ) বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত আসবে। এ ছাড়া সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।

প্রতি মাসে ব্রিফিং করবেন প্রধানমন্ত্রী
চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রী বলেছেন, সংসদ সদস্যদের মধ্যে প্রতি মাসে একটি ব্রিফিংয়ের ব্যবস্থা করবেন। সংসদ কেমন চলে, কীভাবে চলে এবং সরকার মূলত কী করতে চায়; সে সংক্রান্ত বিষয়ে প্রতি মাসে আলোচনা হবে।

১৩৩টি অধ্যাদেশ বিষয়ে আলোচনা হবে
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ১৩৩টি অধ্যাদেশ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয় নাই। এ আলোচনা সোমবার হবে। রোববার (আজ) সংসদ অধিবেশন শেষে এ বিষয়ে আলোচনা হবে। খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। ২ এপ্রিলের আগেই আমরা চেষ্টা করব একটা রিপোর্ট পেশ করতে। যেভাবে বিল আনতে হয় আমরা সেভাবে বিল আনব। সংসদ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা জেলা-উপজেলাসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন।

সরকারের এক মাসের সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর কে কী বক্তব্য রাখবেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। দায়িত্ব গ্রহণের ১ মাসের মধ্যে বিএনপি কী কী অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের সফলতা। এ বিষয়ে আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। বোরো মৌসুমে কৃষকদের যাতে অসুবিধা না হয়, সেটি বিবেচনায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবরাহ করছে সরকার। তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে। চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এরপর দ্বিতীয় সভা হয় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আগে। গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বর্ষীয়ান নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। আজ রোববার বেলা ৩টায় বসবে মুলতবি অধিবেশন। এর আগে দুপুর ২টায় বিএনপির সংসদীয় দলের আরও এক দফা সভা অনুষ্ঠিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের