ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

রোববার,

২৯ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

Radio Today News

ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৭, ২৯ মার্চ ২০২৬

Google News
ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

লড়াইটা বয়সভিত্তিক সাফের হলেও সবুজ গালিচায় প্রতিপক্ষ যখন ভারত, তখন উত্তাপটা থাকে অন্যরকম। মালদ্বীপের রাজধানী মালেতে আজ বাংলাদেশ-ভারত লড়াইয়েও ছড়াল সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। প্রথমার্ধের নাটকীয়তার পর দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছে।

ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট সমান হলেও গ্রুপ পর্বের গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে পা রাখল ভারত। অন্যদিকে, গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

মালদ্বীপের রাজধানী মালেতে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে আজকের ম্যাচের প্রথমার্ধ নাটকীয়তায় ভরপুর। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে ১৭ মিনিটে প্রথম সাফল্য পায় ভারত। বাঁ প্রান্ত থেকে উড়ে আসা কর্নার থেকে হেডে বল জালে জড়ান আনমার্কড থাকা ফরোয়ার্ড বিশাল যাদব। বাংলাদেশের গোলরক্ষক মাহিনকে কোনো সুযোগই দেননি তিনি। এবারের টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়ে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচের ৩৯ মিনিটে বড় এক ধাক্কা খায় লাল-সবুজের প্রতিনিধিরা। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অন্যতম ভরসা ডিফেন্ডার আশিকুর রহমান। তার বদলি হিসেবে মাঠে নামেন আব্দুল রিয়াদ ফাহিম।

ম্যাচে চরম নাটকীয়তা দেখা যায়প্রথমার্ধের যোগ করা সময়ে। টাচলাইনের কাছে ভারতের এক খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকল করায় দুই দলের ডাগআউটে তখন চরম উত্তেজনা। দুই দলের প্রধান কোচের মধ্যে হাতাহাতির উপক্রম পর্যন্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ভারতের সাপোর্ট স্টাফ মহেশ গাউলিকে হলুদ কার্ড দেখান। এরপর বাংলাদেশের ইংলিশ হেড কোচ মার্ক কক্সকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ডাগআউট থেকে কোচকে হারিয়েও খেই হারায়নি বাংলাদেশ। বরং যোগ করা সময়ের ১০ম মিনিটে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে তারা। বাঁ প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের ক্রস বক্সের ভেতর খুঁজে নেয় বদলি নামা আব্দুল রিয়াদ ফাহিমকে। তার নেওয়া দুর্দান্ত ভলিতে সমতায় ফেরে বাংলাদেশ।

১-১ সমতায় থেকে বিরতির পর মাঠে নেমে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামেন সুমন। দুদলের উইং দিয়ে একের পর এক আক্রমণ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা মিলছিল না।

ম্যাচের ৬৪ মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক মাহিন। ভারতের ওমং দোদুম বক্সের ভেতর ঢুকে ফাঁকায় শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু কর্নারের বিনিময়ে সেই শট রুখে দেন মাহিন। ৬৮ মিনিটে ভারতের আব্দুল বক্সের বাইরে ফাউল করে হলুদ কার্ড দেখেন।

ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, এমন সমীকরণ থাকায় শেষ দিকে এসে ভারত পুরোপুরি রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। অন্যদিকে, গ্রুপ সেরা হতে জয়ের বিকল্প নেই জেনে বাংলাদেশ অল-আউট আক্রমণে যায়। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের