আর্জেন্টিনায় পা রেখেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে ইজেইজা বিমানবন্দরে যখন তিনি নামলেন, তখন ভক্তদের চোখেমুখে এবারের বিশ্বকাপের স্বপ্ন নতুন করে দানা বাঁধছে। আর ভক্তদের সেই উন্মাদনায় ঘি ঢেলে মেসি জানিয়ে দিয়েছেন- তাঁর ‘স্বপ্ন এখনও অটুট’।
ইন্টার মায়ামির হয়ে নিউইয়র্ক সিটির বিপক্ষে ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করার রেশ থাকতেই দেশে ফিরলেন এই মহাতারকা। সামনে এখন দুটি মিশন- শুক্রবার মৌরিতানিয়া এবং মঙ্গলবার জাম্বিয়া।
আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েই মেসি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নিজের আগমনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, স্বপ্ন এখনও অটুট। আবারও সবাই একসঙ্গে। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই হতে যাচ্ছে আলবেসেলেস্তেদের শেষ মিশন।
দলের জন্য সোমবার ছিল একমাত্র ছুটির দিন। মৌরিতানিয়া ম্যাচের আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার- টানা তিন দিন অনুশীলনে ঘাম ঝরাবেন মেসিরা। আর বৃহস্পতিবারই প্রথাগত সংবাদ সম্মেলনে হাজির হবেন কোচ লিওনেল স্কালোনি।
ফিফা র্যাঙ্কিংয়ে ৯১ ও ১১৫ নম্বরে থাকা দুটি আফ্রিকান দেশের বিপক্ষে লড়াইটা কাগজে-কলমে খুব একটা কঠিন মনে না হলেও, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে অনেক ফুটবলারের জন্যই এটা হবে বড় এক পরীক্ষা। আর মেসির জন্য? এটা ঘরের মাঠের দর্শকদের কাছ থেকে এক আবেগঘন বিদায় নেওয়ার সুযোগ, কারণ সবার মনেই এখন বড় প্রশ্ন- এটাই কি তবে আর্জেন্টিনার মাটিতে এলএমটেনের শেষ ম্যাচ?
পরিবর্তিত আর্জেন্টিনা স্কোয়াড: মেসিকে কেন্দ্র করেই বিশ্বকাপের আগে নিজের ঘুঁটি সাজাচ্ছেন স্কালোনি। ২৮ সদস্যের প্রাথমিক দল দিলেও ইনজুরি আর শেষ মুহূর্তের রদবদল তাঁর পরিকল্পনায় কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস) এবং লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)।
এই শূন্যতা পূরণে স্কালোনি রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং জোয়াকিন পানিচেল্লিকে অন্তর্ভুক্ত করে স্কোয়াড ৩০ সদস্যের করেছেন। এছাড়া শেষ মুহূর্তে লিওনার্দো বালের্দি ও গঞ্জালো মন্টিয়েল ইনজুরিতে পড়ায় তাঁদের স্থলাভিষিক্ত করা হয়েছে লুকাস মার্টিনেজ কুয়ার্তা এবং অগাস্টিন গিয়াকে।
রেডিওটুডে নিউজ/আনাম

